রমজানে কলকাতার বাজারে ফলের দামে আগুন, কেনাকাটায় হিমশিম খাচ্ছেন রোজাদাররা

কলকাতা, ২২ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাস উপলক্ষে পশ্চিমবঙ্গের ফলের বাজারগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় বাড়লেও চড়া দামের কারণে কেনাকাটা করতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।
বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে ফলের দাম স্বাভাবিকভাবেই কিছুটা বৃদ্ধি পায়, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। ইফতারের অপরিহার্য অনুষঙ্গ হিসেবে খেজুরের চাহিদা থাকে শীর্ষে। এর পাশাপাশি নানা জাতের ফল যেমন কলা, তরমুজ, সবেদা, আঙ্গুর, আপেল, পেঁপে, পেয়ারা, কমলালেবু, মোসম্বি ও ডালিমের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ফলের পাশাপাশি কাজু, পেস্তা, কিসমিস, আখরোটসহ বিভিন্ন ড্রাই ফ্রুটস ও সেমাইয়ের চাহিদাও লক্ষ্যণীয়।
কলকাতার অন্যতম বৃহৎ ফলের বাজার খিদিরপুরে সরেজমিনে দেখা যায় ক্রেতা ও বিক্রেতাদের ব্যস্ততা। একবালপুর, মোমিনপুর, ওয়াটগঞ্জ, আরফানগঞ্জ ও জামালপাড়াসহ পার্শ্ববর্তী এলাকার মানুষ মূলত এই বাজারেই কেনাকাটা করেন। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
বাজার করতে আসা এক ক্রেতা অভিযোগ করে বলেন, আমরা দেখেছি রমজান এলেই জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়। এ ক্ষেত্রে সরকারের উচিত বাজারের ওপর নজরদারি বাড়ানো। তবে নিয়মিত ক্রেতারা কিছুটা অভ্যস্ত হয়ে মানিয়ে নিচ্ছেন।
অন্যদিকে বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় দাম সামান্য বাড়লেও তা এখনও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে।
বাজার দর সম্পর্কে ধারণা দিতে গিয়ে এক বিক্রেতা জানান, বর্তমানে প্রতি কেজি আঙ্গুর বিক্রি হচ্ছে ২০০ রুপিতে। এছাড়া পেঁপে ৮০ রুপি, তরমুজ ৬০ রুপি, শসা ৮০ রুপি এবং আপেল ২০০ রুপি কেজি দরে বিক্রি হচ্ছে। কলার দাম প্রতি ডজন ৬০ থেকে ৭০ রুপি এবং দার্জিলিংয়ের কমলালেবু জোড়া প্রতি ৪০ রুপিতে বিক্রি হচ্ছে।
মূলত রমজানের শুরুতে চাহিদার তুলনায় জোগান কিছুটা কম থাকায় কলকাতা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে ফলের দাম উর্ধ্বমুখী রয়েছে।
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









