সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, সিজিএস হলেন মাইনুর রহমান

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বেশ কয়েকটি পদে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে।রোববার দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়, যা প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।
নতুন আদেশে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। তিনি এর আগে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে নতুন পিএসও হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি পূর্বে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে বদলি করে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









