ফার্নেস অয়েলের দাম লিটারে ১৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করল বিইআরসি

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে প্রায় ১৬ টাকা কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি নতুন দাম ৭০ দশমিক ১০ টাকা নির্ধারণ করেছে। এর আগে ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ে প্রতি লিটারের মূল্য ছিল ৮৬ টাকা। রবিবার বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩ এর ধারা ২২ ও ৩৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত এই দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। কমিশন সূত্রে জানা গেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসি গত ২০ জানুয়ারি ফার্নেস অয়েলের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব দাখিল করেছিল। এছাড়া মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি, যমুনা অয়েল এবং পদ্মা অয়েল কোম্পানি বিপণন ও পরিবহন চার্জ বৃদ্ধির প্রস্তাব দেয়। এসব প্রস্তাবের ওপর ভিত্তি করে চলতি বছরের ২৯ জানুয়ারি গণশুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে প্রস্তাবকারী প্রতিষ্ঠান ও আগ্রহী পক্ষগুলোর মতামত এবং তথ্যাদি পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিপণন চার্জ প্রতি লিটার শূন্য দশমিক ৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ ১ দশমিক ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য বিপিসির ফার্নেস অয়েলের গ্রাহকদের মধ্যে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং শিল্প কারখানা। বিগত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ ১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করা হয়।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









