শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভা

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সংক্রান্ত বিষয়াবলি নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিন সকাল ৯টার পরপরই প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে তার নিজ কার্যালয়ে উপস্থিত হন এবং দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এরপর সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পরবর্তীতে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত। এ সময় তিনি উল্লেখ করেন যে, সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









