সাগরে ঘনীভূত হচ্ছে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি হতে পারে দুই বিভাগে

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এটি আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
রোববার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে ভারতের বিহার এবং আশপাশের এলাকায় অবস্থান করছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশের আকাশ অস্থয়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে প্রধানত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকারই সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রায় সামান্য বৃদ্ধি ঘটতে পারে।
তবে আগামী মঙ্গলবার অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
পরবর্তীতে বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী বৃহস্পতিবার আবহাওয়া পুনরায় শুষ্ক থাকার এবং তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া সংস্থাটি আরও জানিয়েছে যে আগামী পাঁচ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে।
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









