আফ্রিকা

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় ৫০ জন নিহত, অপহৃত বহু নারী ও শিশু

আবুজা, ২১ ফেব্রুয়ারি – নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একদল সশস্ত্র সন্ত্রাসীর বর্বরোচিত হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীরা বহু নারী ও শিশুকে অপহরণ করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার গভীর রাতে বুক্কুয়ুম এলাকার তুংগান দুতসে গ্রামে শুরু হওয়া এই তাণ্ডব শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় শতাধিক মোটরসাইকেলে করে গ্রামে ঢুকে হামলাকারীরা নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। বুক্কুয়ুমের আইনপ্রণেতা হামিসু এ. ফারু রয়টার্সকে জানান, হামলাকারীরা একের পর এক গ্রামে আক্রমণ চালাচ্ছে। এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং নিখোঁজদের তালিকা তৈরির কাজ চলছে।

স্থানীয় বাসিন্দা ৪১ বছর বয়সী আবদুল্লাহি সানি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হামলার আগের দিনই সশস্ত্র ব্যক্তিদের উপস্থিতি টের পেয়ে আমরা নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’ এই হামলায় তিনি তার পরিবারের তিন সদস্যকে হারিয়েছেন। উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর তৎপরতা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক হারে বেড়েছে। গত সপ্তাহে নাইজার রাজ্যের বোরগু এলাকায় পৃথক হামলায় ৪৬ জন প্রাণ হারিয়েছিলেন।

এমন পরিস্থিতির মধ্যেই নিরাপত্তা সহযোগিতা বাড়াতে দেশটিতে মার্কিন সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নাইজেরিয়ার ডিফেন্স হেডকোয়ার্টার্সের মুখপাত্র সামাইলা উবা জানিয়েছেন, মার্কিন সেনারা সরাসরি যুদ্ধে অংশ নেবে না, বরং তারা স্থানীয় বাহিনীকে প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তা প্রদান করবে।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language