জাতীয়

জনগণের ভোগান্তি রোধে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের সময় সাধারণ জনগণের যাতায়াতে যেন কোনো প্রকার দুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে কঠোর নির্দেশনা প্রদান করেছেন।

বুধবার আইজিপি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ হলো তার চলাচলের কারণে ট্রাফিক ব্যবস্থা ব্যাহত করা যাবে না এবং সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে হবে। নতুন সরকারের প্রথম কর্মদিবসে ঢাকা মহানগরীর সড়কগুলোতে ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। রাজধানীর ব্যস্ত মোড়গুলোতে ট্রাফিক সদস্যদের বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা যায়।

ঢাকার মৌচাক মোড়ে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, নতুন সরকারের যাত্রালগ্নে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কড়া নির্দেশনার কারণে তারা সচেষ্ট রয়েছেন। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। শপথের পর তিনি বুধবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাজধানীর জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও তিনি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর সাধারণ যানবাহনের মতোই ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করে এবং লাল বাতিতে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে দেখা যায়।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language