জয় ও পলকের নির্দেশে গণহত্যার তথ্য লুকাতে ইন্টারনেট বন্ধ: তাজুল

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, গণঅভ্যুত্থানের সময় বিশ্বের কাছে গণহত্যার তথ্য আড়াল করতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন।
বুধবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। প্রসিকিউশন পক্ষ উল্লেখ করেছে, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণহত্যার সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড ছিলেন সজীব ওয়াজেদ জয়। আর বাংলাদেশে সেই পরিকল্পনা বাস্তবায়নের মূল দায়িত্ব পালন করেন জুনাইদ আহমেদ পলক। এ সংক্রান্ত মামলায় বুধবার প্রসিকিউশন তাদের সূচনা বক্তব্য উপস্থাপন করেছে।
আদালত আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। অভিযোগে বলা হয়, সজীব ওয়াজেদ জয় তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা থাকাকালে আইসিটি মন্ত্রণালয়কে ব্যবহার করে পরিকল্পিতভাবে ইন্টারনেট ব্ল্যাকআউট করে বিশ্ববাসীর কাছ থেকে নৃশংসতার খবর গোপন করার অপচেষ্টা চালিয়েছিলেন।
এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









