জাতীয়

স্বাধীনতার পর প্রথম পূর্ণ মন্ত্রী পেল কক্সবাজার, স্বরাষ্ট্রের দায়িত্বে সালাহউদ্দিন

কক্সবাজার, ১৭ ফেব্রুয়ারি – স্বাধীনতার দীর্ঘ ইতিহাস পেরিয়ে এই প্রথম পূর্ণ মন্ত্রী পেল পর্যটন নগরী কক্সবাজার। মঙ্গলবার নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে ৫ লাখ ৪০ হাজার ৮৯০ জন ভোটারের মধ্যে সালাহউদ্দিন আহমদ ২ লাখ ২২ হাজার ১৯ ভোট পেয়ে বিশাল জয় নিশ্চিত করেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৭২৮ ভোট। এই আসনে মোট ভোট পড়ার হার ছিল ৬৭ দশমিক ০৬ শতাংশ। সালাহউদ্দিন আহমদ ১৯৬২ সালে কক্সবাজারের চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৭৯ সালে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৪ সালে এলএলবি এবং ১৯৮৬ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী হওয়ার পাশাপাশি বিসিএস প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তাও ছিলেন। ১৯৮৫ সালে ৭ম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি কর্মজীবন শুরু করেন এবং একপর্যায়ে বগুড়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবেও তিনি কাজ করেছেন।

রাজনৈতিক জীবনে ১৯৯৬ সালে দুইবার এবং ২০০১ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া ২০০১ থেকে ২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কক্সবাজার জেলা থেকে প্রথমবারের মতো কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় স্থানীয় জনমনে আনন্দের জোয়ার বইছে।

এসএএস/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language