জাতীয়

বুধবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পঞ্চবটি, ১৭ ফেব্রুয়ারি – পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে।

এই প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য শহরের বেশ কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। গ্যাস না থাকার কারণে কিল্লারপুল ও পঞ্চবটি এবং খানপুর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একাংশের মানুষ ভোগান্তিতে পড়তে পারেন।

এছাড়া চাষাড়া মোড় ও মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওয়ের পঞ্চবটি ডিআরএস পর্যন্ত সড়কের উভয়পাশের সব শ্রেণির গ্রাহক এই নির্দেশনার আওতায় থাকবেন। মূলত পঞ্চবটি মোড়ে প্রধান সিএনজি স্টেশনের সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি দ্রুত প্রতিস্থাপনের লক্ষ্যেই এই জরুরি মেরামত কাজ হাতে নেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এ এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language