সুনামগঞ্জ

সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি – হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও কাজে ধীরগতির অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাওর বাঁচাও আন্দোলন। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন বিগত বছরগুলোর মতো এবারও অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়েছে। জাতীয় নির্বাচনের কাজের চাপকে সুযোগ হিসেবে ব্যবহার করে অনিয়মের মাত্রা আরও বৃদ্ধি করা হয়েছে বলে তারা দাবি করেন। বক্তাদের মতে অনেক অপ্রয়োজনীয় বাঁধে উৎকোচের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে এবং নামমাত্র কাজ সম্পন্ন করা হচ্ছে।

জেলায় বাঁধ নির্মাণের কাজ মাত্র ৩০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং এখনো অনেক উপজেলায় কাজ দৃশ্যমান নয় বলে অভিযোগ করা হয়। নেতারা উল্লেখ করেন যে গত বছর বাঁধ নির্মাণে ১৩০ কোটি টাকা বরাদ্দ থাকলেও চলতি বছর তা বাড়িয়ে ১৪৫ কোটি টাকা করা হয়েছে, অথচ ভরা বর্ষা না হওয়ায় জেলার অধিকাংশ বাঁধ অক্ষত ছিল। সরেজমিনে পরিদর্শন ছাড়াই মনগড়া সিদ্ধান্তে অপরিকল্পিত বাঁধে দ্বিগুণ থেকে তিনগুণ বরাদ্দ বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন হাওর আন্দোলনের নেতারা।

সদর, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলায় বাঁধ নির্মাণ ও পিআইসি গঠনে ব্যাপক অনিয়ম হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়। বিশেষ করে জামালগঞ্জের পাকনার হাওরের বগলার খালী এবং সদরের সিলুয়ার হাওরে ক্লোজার ও খনন কাজে ব্যাপক দুর্নীতির কথা উল্লেখ করা হয়।

পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের প্রতি জোর দাবি জানানো হয়। সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের সভাপতিত্বে মানববন্ধনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language