জাতীয়

নৈতিকতার প্রশ্নে কখনও আপস করিনি, কৃতজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি: বাণিজ্য উপদেষ্টা

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – দায়িত্ব নেওয়ার পর থেকে নৈতিকতার প্রশ্নে কখনও আপস করেননি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত নিজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

উপদেষ্টা উল্লেখ করেন যে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পর্কে শুরুতে তাঁর নেতিবাচক ধারণা থাকলেও, এখন তিনি গভীর কৃতজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছেন। তিনি কর্মকর্তাদের দেশের সম্পদ হিসেবে অভিহিত করে বলেন, সঠিক নেতৃত্ব পেলে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন এবং গত কয়েক মাসে সেটাই তারা প্রমাণ করেছেন।

২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত পরিবর্তন কর্মকর্তাদের আচরণে প্রতিফলিত হওয়ার আহ্বান জানান তিনি। কেউ অন্যায্য কাজের অনুরোধ করলে তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করার পরামর্শ দেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে ১৮ তারিখ নতুন নেতৃত্বের আগমনের দিনটি বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য একটি উদযাপনের দিন হবে। নতুন মন্ত্রীর সঙ্গে কাজ করার ক্ষেত্রে কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানান তিনি, তবে দ্বিমত থাকলে তা সরাসরি প্রকাশেরও পরামর্শ দেন। বাংলাদেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করার সন্তুষ্টি ও সুখস্মৃতি নিয়ে তিনি নিজ কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছেন বলে জানান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এসময় অতিরিক্ত সচিব রপ্তানি মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব এফটিএ আয়েশা আক্তার, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language