জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখে সই করেছি: নাহিদ ইসলাম

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন যে জুলাই সনদে থাকা ‘নোট অব ডিসেন্ট’ বা দ্বিমত পোষণ অংশটি বাদ রেখেই তারা স্বাক্ষর করেছেন। তিনি মত দেন যে কোনো নোট অব ডিসেন্ট চূড়ান্ত সিদ্ধান্তের অংশ হতে পারে না এবং সেখানে স্পষ্ট বক্তব্য থাকা প্রয়োজন।
সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, গণভোটের গণরায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে এই শর্ত সাপেক্ষে তারা সই করেছেন। তাদের এই স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এখন থেকে সংস্কার পরিষদ গঠিত হবে এবং সনদ ও গণভোটের আদেশ অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এনসিপি আহ্বায়ক আরও বলেন, সংসদ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তারা সংসদে যাচ্ছেন এবং জুলাই জাতীয় সনদ ও সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই তাদের মূল ম্যান্ডেট। জনগণ তাদের এই দায়িত্ব দিয়েছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে দলিলের সম্পূর্ণতার লক্ষ্যে এই স্বাক্ষর প্রয়োজন ছিল বলে তিনি উল্লেখ করেন।
এর আগে আইনি ভিত্তি নিশ্চিত না হওয়ায় এনসিপি স্বাক্ষর থেকে বিরত ছিল। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









