আরাকান আর্মির কবল থেকে ৭৩ জেলেকে ফেরত আনল বিজিবি

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ৭৩ জেলেকে সফলভাবে দেশে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিভিন্ন সময়ে টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে মাছ ধরার সময় এই জেলেদের ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মির সদস্যরা। ফেরত আসা জেলেদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি নাগরিক এবং ৭ জন রোহিঙ্গা রয়েছেন।
সোমবার ১৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে তাদের ফিরিয়ে আনা হয় বলে নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনি জানান আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার ফলেই তাদের ফেরত আনা সম্ভব হয়েছে এবং পর্যায়ক্রমে সেখানে আটকে পড়া বাকিদেরও ফিরিয়ে আনা হবে।
আরাকান আর্মির দাবি অনুযায়ী জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় এসব জেলেকে তারা আটক করেছিল। দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা ও ফেরত আসা জেলে নুরুল আবছার। তিনি জানান ফিরে আসার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন এবং প্রতিটি দিন কেটেছে মৃত্যুর শঙ্কায়।
প্রায় এক বছর পর নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পিতা আব্দুল হামিদ। তিনি বলেন সন্তান আর ফিরবে না ভেবেই দিন পার করছিলেন কিন্তু অবশেষে তাকে জীবিত ফিরে পেয়েছেন।
তবে এ দফায় ফেরত আসা তালিকায় অনেকের স্বজন না থাকায় তারা কিছুটা হতাশ হলেও আশা করছেন শীঘ্রই বাকিরাও ফিরে আসবেন। বিজিবি সূত্রে জানা গেছে গত পাঁচ মাসে টেকনাফ ও সেন্ট মার্টিন উপকূলীয় জলসীমা থেকে অন্তত ৪২০ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









