স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়োগে কোনো দুর্নীতি হয়নি: উপদেষ্টা জাহাঙ্গীর

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগে কোনো প্রকার দুর্নীতি হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করে এসব নিয়োগ সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরে ‘হল অব ইন্টেগ্রিটি’-তে পুলিশ অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, নিয়োগ প্রক্রিয়ায় অন্তত তার দপ্তর থেকে কোনো ধরনের তদবির বা সুপারিশ করা হয়নি, যা তিনি হলফ করে বলতে পারেন।
বক্তব্যে তিনি বলেন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও কোস্টগার্ডসহ সকল বাহিনীর নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে। এছাড়া রোববার অনুষ্ঠিত বিশেষ কেবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টাও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার অকুণ্ঠ প্রশংসা করেছেন বলে জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের যে বিপর্যস্ত অবস্থা ছিল, সবার সম্মিলিত প্রচেষ্টায় তা আজ সম্মানজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি পুলিশের এই অবস্থানকে আরও উন্নত করতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইজিপি বাহারুল আলম। এ সময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত, র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান এবং অতিরিক্ত আইজিপি (প্রশাসন) আওলাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









