বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ‘হাতকাটা সৌরভ’ গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার

বগুড়া, ১৬ ফেব্রুয়ারি – বগুড়া শহরের পুরোনো বগুড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ‘হাতকাটা সৌরভ’ ও সানাউল গ্যাংয়ের তিন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি বলে নিশ্চিত করা হয়েছে। সোমবার শহরের ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মেহেদী হাসান মীম, নয়ন মন্ডল ও রোকন ইসলাম জাফর। এই অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাদাফ ও লেফটেন্যান্ট ফাহাদ। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আসামিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৫টি দেশীয় ধারালো অস্ত্র, একটি হকিস্টিক, একটি বিদেশি মদের বোতল, চারটি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সন্ত্রাসী বাহিনীর মূল হোতা ‘হাতকাটা সৌরভ’ এর আগে সেনাবাহিনীর হাতে আটক হয়ে বর্তমানে পাবনা জেলা কারাগারে বন্দি রয়েছেন। তার অনুপস্থিতিতেও গ্যাংয়ের অন্য সদস্যরা বগুড়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের উদ্ধার হওয়া আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএএস/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









