জাতীয়

রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু কাল, মিলবে যেসব সুবিধা

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। ফ্যামিলি কার্ডের পাশাপাশি সাধারণ ভোক্তাদের জন্য খোলা ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হবে।

এর ফলে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি প্রতিদিন আরও প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ বাজারমূল্যের চেয়ে কম দামে নিত্যপণ্য কেনার সুযোগ পাবেন। এই কার্যক্রমে ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে স্মার্ট কার্ডধারীদের তুলনায় খোলা ট্রাক থেকে পণ্য কিনতে সাধারণ ক্রেতাদের প্যাকেজপ্রতি কিছুটা বাড়তি অর্থ ব্যয় করতে হবে। কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে ট্রাক সেল পয়েন্ট থেকে পণ্য কিনলে কার্ডধারীদের তুলনায় প্রতি প্যাকেজে সাধারণ ক্রেতাদের ৬০ টাকা বেশি গুনতে হবে।

নির্বাচনের পর রাজধানীর বাজার পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল এবং পণ্যমূল্য বৃদ্ধির প্রবণতা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতির মধ্যেই রমজান উপলক্ষে ৭৫ লাখ কার্ডধারীর পাশাপাশি সারা দেশে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে টিসিবি। নতুন মূল্য তালিকা অনুযায়ী স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা দুই লিটার সয়াবিন তেল ২০০ টাকায় কিনতে পারবেন। তবে ট্রাক সেল বা খোলা বাজার থেকে সাধারণ ক্রেতাদের সমপরিমাণ তেলের জন্য ২৩০ টাকা দিতে হবে। একইভাবে চিনি ও ডালের ক্ষেত্রেও ট্রাক সেলে প্রতি কেজিতে ১০ টাকা করে বেশি দাম নির্ধারণ করা হয়েছে।

এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language