সিরাজগঞ্জে চাঁদাবাজি ও হুমকির অভিযোগে বিএনপির ৩ নেতাকে শোকজ, ২ জন স্থগিত

সিরাজগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি – সিরাজগঞ্জ সদরে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে দুই নেতার দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। রোববার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক পাঁচটি চিঠিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের ভীতি প্রদর্শন এবং দেশীয় অস্ত্র নিয়ে মারধরের মামলায় জড়িত থাকার অভিযোগে বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মন্ডল এবং জাতীয়তাবাদী সাইবার দলের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শিহাব মন্ডলের পদ স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে সিরাজগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক ফিরোজ আহমেদ, জেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক মনা পাল এবং আরজু আহম্মেদ নামের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে জানাতে হবে।
এসএএস/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









