ঢালিউড

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টির সফল অস্ত্রোপচার

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি তাঁর মাথায় চার ঘণ্টা ধরে চলা এক জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

নির্মাতা সকাল আহমেদ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি ভালোভাবে শেষ হয়েছে এবং টিউমারটি অপসারণ করা সম্ভব হয়েছে। তবে তাঁকে আগামী ২৪ ঘণ্টা বিশেষ পর্যবেক্ষণে বা অবজারভেশনে রাখা হবে। পোস্ট অপারেটিভ বা অস্ত্রোপচার পরবর্তী কিছু জটিলতার ঝুঁকি থাকায় এখনই তাঁকে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না বলে উল্লেখ করেন এই নির্মাতা।

তিনি অভিনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি হাসপাতালে অযথা ভিড় না করতে এবং অতিরিক্ত ফোনকলের মাধ্যমে তাঁর পরিবারকে আতঙ্কিত না করার অনুরোধ জানানো হয়েছে।

তানিয়া বৃষ্টি বর্তমান সময়ের একজন ব্যস্ত অভিনেত্রী। নিয়মিত তাঁর অভিনীত নাটকগুলো দর্শকদের মাঝে সাড়া ফেলছে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তাঁর বিচরণ রয়েছে। ২০১৫ সালে আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিষেক হয় এবং ২০১৯ সালে মুক্তি পায় ‘গোয়েন্দাগিরি’।

দীর্ঘ বিরতির পর রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ নামক একটি সিনেমার মাধ্যমে তিনি আবারও বড় পর্দায় ফিরছেন।

এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language