শিক্ষা

পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিলো হাইকোর্ট

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়সমূহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

রবিবার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল আদালতের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি পেশ করেন।

এর পূর্বে গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখার বিষয় উল্লেখ করে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়েছিল। আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাই দীর্ঘদিনের প্রথা ও নীতি। এছাড়া রমজান মাসে স্কুল খোলা রাখলে শহরের যানজট পরিস্থিতির অবনতি ঘটে এবং রোজাদার শিক্ষার্থীদের জন্য ক্লাস করা ও যাতায়াত করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।

এমতাবস্থায় ধর্মীয় আচার পালন ও জনদুর্ভোগ কমানোর স্বার্থে রিটটি দায়ের করা হয়েছিল বলে জানান সংশ্লিষ্ট আইনজীবী।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language