বাংলাদেশের নির্বাচন ও গণভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রুশ পর্যবেক্ষক দল

বাংলাদেশ, ১৫ ফেব্রুয়ারি – বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়াকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত বলে অভিহিত করেছে রাশিয়ার পর্যবেক্ষক দল। রবিবার এক সংবাদ বিবৃতিতে পর্যবেক্ষক দলের পক্ষ থেকে এই মূল্যায়নের কথা জানানো হয়।
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কমিশনার পাভেল আন্দ্রেয়েভের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকা সফর করে। সফরকালে পর্যবেক্ষক দলটি ঢাকা ও নারায়ণগঞ্জের ৮টি ভোটকেন্দ্র এবং ৪০টির বেশি বুথ পরিদর্শন করে। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে প্রতিটি কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের প্রস্তুতি ছিল দৃশ্যমান এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণ প্রক্রিয়া সুসংগঠিতভাবে পরিচালিত হয়েছে।
প্রিসাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের উপস্থিতি নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করেছে। নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় আইনশৃঙ্খলা রক্ষায় ৯ লাখের বেশি পুলিশ ও সেনাসদস্য মোতায়েন ছিল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা নির্বাচনের সামগ্রিক পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি।
ভোটারদের অংশগ্রহণ নিয়ে পর্যবেক্ষক দল ইতিবাচক মন্তব্য করেছে এবং দীর্ঘদিনের রাজনৈতিক প্রক্রিয়ার পর ভোটারদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অনেক পরিবার শিশুদের সঙ্গে নিয়ে কেন্দ্রে এসেছে এবং কোথাও কোথাও পরিবেশ ছিল উৎসবমুখর। ভোট গণনা প্রক্রিয়াও পর্যবেক্ষকদের উপস্থিতি এবং ভিডিও নজরদারির মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সফরকালে প্রতিনিধিদলটি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনী মানদণ্ড ও প্রযুক্তি নিয়ে আলোচনা করে।
এ সময় রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান এলা পামফিলোভার পক্ষ থেকে বাংলাদেশের কর্মকর্তাদের আসন্ন স্টেট ডুমা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। উল্লেখ্য ২০১৯ সাল থেকে দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতা স্মারক কার্যকর রয়েছে।
এ এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









