ময়মনসিংহ

ময়মনসিংহে সাবেক এমপি বাশারের গাড়িতে হামলা ও ভাঙচুর, চালক আহত

ময়মনসিংহ, ১৫ ফেব্রুয়ারি – ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি আবুল বাশার আকন্দের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ফুলপুর উপজেলার বালিয়া মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে সাবেক এমপির গাড়ির চালক আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ না করার অভিযোগে তার ওপর এই হামলা চালানো হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল পৌনে চারটার দিকে বালিয়া মোড় এলাকার একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বিকেল চারটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান আবুল বাশার আকন্দ। সে সময় একদল বিক্ষুব্ধ লোক তার গাড়িবহরে হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর করে। হামলায় গাড়ির চালক মো. আরমান আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আবুল বাশারকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করলে হামলাকারীরা হালুয়াঘাট ও ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, নির্বাচনে আবুল বাশার আকন্দ দলীয় মনোনয়ন না পেয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কোনো প্রচারণায় অংশ নেননি এবং তার অনুসারীদেরও কাজ করতে বিরত রেখেছিলেন। এ কারণে নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের পর নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছিল যা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দৃশ্যমান ছিল। হামলার বিষয়ে আবুল বাশার আকন্দ অভিযোগ করে বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে যাওয়ার পর যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন ও বিএনপি নেতা এমরান হাসান পল্লবসহ কয়েকজন তার ওপর হামলা চালায়।

তবে অভিযুক্ত যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন দাবি করেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং পূর্বশত্রুতার জেরে তার নাম জড়ানো হচ্ছে। তিনি পাল্টা অভিযোগ করেন যে সাবেক এমপি দলের প্রার্থীর পক্ষে কাজ না করে উল্টো প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে কাজ করায় তৃণমূল কর্মীরা ক্ষুব্ধ ছিলেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানিয়েছেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language