তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ, উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। দলের চেয়ারম্যান ও ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৭ ফেব্রুয়ারি।
এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। তবে পূর্বনির্ধারিত সূচি থাকায় নরেন্দ্র মোদির এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে শপথের দিন অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে নরেন্দ্র মোদির।
এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নিতে ম্যাক্রোঁ ভারত সফর করবেন এবং তার সফর মুম্বাই থেকেই শুরু হবে। ফলে মোদির পক্ষে ঢাকায় আসা কঠিন হতে পারে। তবে তিনি না আসতে পারলেও ভারতের পক্ষ থেকে উচ্চপদস্থ কোনো প্রতিনিধি এবং সম্ভবত উপরাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী ঢাকার ওই শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে যে বাংলাদেশ এই অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে।
সংগঠনটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন তারেক রহমানের বাবা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পাশাপাশি চীন, মালয়েশিয়া, সৌদি আরব ও তুরস্কের মতো বন্ধুরাষ্ট্রগুলোর সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হতে পারে। একই মঞ্চে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনা থাকায় ভারত সতর্কতার সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। এর আগে নির্বাচনের পর তারেক রহমানকে ফোনে অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদি এবং দুই দেশের সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছিলেন।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









