জাতীয়

দায়িত্ব ছেড়ে জার্মানি গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী ফয়েজ আহমদ তৈয়্যব জার্মানির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই হয়ে জার্মানির পথে রওয়ানা হন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন বলে জানা গেছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি তথ্যপ্রযুক্তি খাত ছাড়াও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

সূত্র জানিয়েছে, ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার সকালেই দেশ ছেড়েছেন। গত ১০ ফেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। দায়িত্ব ছাড়ার পর তিনি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন এবং সেই প্রেক্ষাপটেই তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফয়েজ আহমদ তৈয়্যবের জার্মানি যাওয়ার বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language