ময়মনসিংহে বিএনপির বিজয়ে দোয়া মাহফিল, উন্নয়নের অঙ্গীকার নবনির্বাচিত এমপির

ময়মনসিংহ, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ময়মনসিংহে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ-৪ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের আয়োজনে শুক্রবার বাদ জুম্মা নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা ও শিব্বির আহমেদ বুলুসহ অনেকে। এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এনামুল হক আকন্দ লিটন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
এর আগে জুম্মার নামাজের পর নগরীর বিভিন্ন ওয়ার্ডের মসজিদ এবং স্থানীয় মন্দির ও গির্জাতেও প্রার্থনার আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, এই বিজয় মহান আল্লাহর দান। বিজয়ের নেপথ্যে যারা পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একইসাথে আগামী দিনে অবহেলিত ময়মনসিংহ সদরের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখার এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসএএস/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









