জাতীয়

১৭ বছরের সংগ্রামের পর এই জয় বাংলাদেশের বিজয়: মির্জা ফখরুল

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর অর্জিত এই বিজয় মূলত বাংলাদেশের বিজয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও মিত্রদের বিপুল জয়ের পর তিনি এই প্রতিক্রিয়া জানান। ঠাকুরগাঁও ১ সদর আসনে মির্জা ফখরুল ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেওয়া পোস্টে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।

একইসঙ্গে তিনি ১৯৭১ সালের লাখো শহীদ, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করেন। এছাড়া গুম হওয়া নেতাকর্মী ইলিয়াস আলী ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলীয় নেতাকর্মী এবং দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মেনে শুক্রবার সব ধরনের বিজয় মিছিল থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন মহাসচিব। এর পরিবর্তে জুমার নামাজের পর নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানান তিনি। জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি উল্লেখ করেন যে তাঁর দায়িত্ব আরও বেড়ে গেল এবং প্রতিশ্রুতি রক্ষায় তিনি সবার দোয়া কামনা করেন।

এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language