বিএনপির বিজয় অনিবার্য, চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত সজাগ থাকার আহ্বান

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই নির্দেশনা দেন।
মাহদী আমিন গণতন্ত্রকামী জনগণকে ভোটের ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে সতর্ক থাকার অনুরোধ জানান। তিনি বলেন, ভোট পরিচালনার দায়িত্বে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেন সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার ক্ষেত্রে কোনো অসংগতি না ঘটে তা নিশ্চিত করেন। জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে, নির্বাচিত সরকার তা আন্তরিকভাবে পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান বিএনপির এই মুখপাত্র। নির্বাচনে সহিংসতার কারণে নিহত ও আহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, নির্বাচনকে বিতর্কিত করতে বিভিন্ন স্থানে সহিংসতা, কারচুপি ও কালো টাকার ব্যবহার হয়েছে। তবে নিরাপত্তা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং জনগণও তা প্রতিরোধ করেছেন।
তিনি আরও বলেন, প্রতিপক্ষ রাজনৈতিক দল আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেছে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে ভোটারের উপস্থিতি আরও বাড়ত। ভুয়া পর্যবেক্ষক তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভীতি সঞ্চারের চেষ্টা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তবে সকল অপচেষ্টা ব্যর্থ করে ধানের শীষের বিজয় অর্জিত হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









