জাতীয়

ঢাকা-৮ আসনের ৬ কেন্দ্রের ফল: মির্জা আব্বাস ও নাসীরুদ্দীনের হাড্ডাহাড্ডি লড়াই

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ সংসদীয় আসনের ৬টি ভোটকেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এই কেন্দ্রগুলোতে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ২ হাজার ৯১৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে শাপলা কলি প্রতীকে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ২ হাজার ৮৮৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুবই সামান্য।

এই সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। এ ছাড়া এই আসনে ১ জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন।

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং একটানা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ সমাপ্তির পর বর্তমানে গণনা কার্যক্রম চলছে।

উল্লেখ্য, ২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া চালুর পর এবারই নির্বাচনে সর্বাধিক ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৯ জন, যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language