ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারাদেশে ভোটগ্রহণ চলছে, কাকলি কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক

ঢাকা-১০, ১২ ফেব্রুয়ারি – সারাদেশে বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি আসনে একটানা ভোটগ্রহণ চলছে, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে।
নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং শপিং মলসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। ভোটের দিন দুপুর ২টা পর্যন্ত ঢাকা-১০ আসনের কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ১৬১ জন, যার মধ্যে দুপুর ২টা পর্যন্ত ২ হাজার ৪২৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
কেন্দ্রটির দ্বিতীয় তলার প্রিসাইডিং অফিসার ওয়েজুদ্দিন জানিয়েছেন, তার অধীনে থাকা ১ হাজার ৯৭৩ জন ভোটারের মধ্যে ৫৭০ জন ভোট দিয়েছেন। তৃতীয় তলার দায়িত্বে থাকা মো. জুয়েল রানা জানান, ২ হাজার ২৫ জন ভোটারের মধ্যে ৮২৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া চতুর্থ তলার প্রিসাইডিং অফিসার সৈয়দ শাফকাত মাহমুদ জানান, তার অধীনস্থ ৩ হাজার ৩৩৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩১ জন ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মোট সংখ্যা ২ হাজার ২৮ জন, যার মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৩ জন। ভোটের মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে কঠোর নজরদারি চলছে এবং ফলাফল প্রকাশে বিলম্ব হবে না। এবারের নির্বাচনে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা সমান সমান এবং মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









