জাতীয়

সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ কার্যক্রম চলছে। বৃহস্পতিবার সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে।

রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ১১টার দিকেই ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রেমিন রায়হান জানিয়েছেন বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে ২৪ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪০ হাজার ৭৪৬ জন এবং এখন পর্যন্ত পুরুষ ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি। এদিকে রাজধানী ছাড়াও সারা দেশেই উৎসবের আমেজে ভোট দিতে আসছেন সাধারণ মানুষ। সকাল থেকেই তারা কেন্দ্রে ভিড় করতে শুরু করেন এবং সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। নির্বাচন কমিশনের তথ্যমতে এবার দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। উল্লেখ্য যে শেরপুর ৩ আসনের এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই আসনের ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language