মানুষ কেন্দ্রে এলেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হলেই যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন এবং আজ তারা তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছেন। গত বুধবার রাতে দেশের বিভিন্ন স্থানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে যা কাম্য নয় উল্লেখ করে তিনি জানান, জনগণ কেন্দ্রে এলে সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।
বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান জানান, নির্বাচিত হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে তিনি প্রাধান্য দেবেন।
তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটই হচ্ছে জনগণের শক্তি প্রকাশের প্রধান মাধ্যম। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনরায়ের সঠিক প্রতিফলন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভোট প্রদানের সময় তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।
একই কেন্দ্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের ভোট দেওয়ার কথা রয়েছে। ফলে অন্যান্য কেন্দ্রের তুলনায় এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি র্যাব এবং সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









