জাতীয়

পাতানো নির্বাচনের সংস্কৃতি এখন অতীত, গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান নির্বাচন কমিশন কোনো ধরনের পক্ষপাতিত্ব করছে না।

তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন এ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না এবং পাতানো নির্বাচনের বিষয়টি দেশের মানুষকে ভুলে যেতে হবে। সিইসি উল্লেখ করেন যে সারা দেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং গ্রামেগঞ্জে মানুষ ভোটের উৎসবে মেতে উঠেছে। তিনি আরও বলেন নির্ঘুম রাত কাটিয়ে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে এবং এই ট্রেন তার গন্তব্যে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। জাতির জন্য এই শেষ অবদান রাখতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন তিনি।

এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ফিরবে বলে তিনি বিশ্বাস করেন। ভোটের মাঠের পরিস্থিতি সম্পর্কে তিনি জানান কেন্দ্রের বাইরে ছোটখাটো দুএকটি ঘটনা ঘটলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং এর ব্যত্যয় হলে পরকালে জবাবদিহি করতে হবে বলে তিনি মন্তব্য করেন। সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত করায় বাকি ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলছে। মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language