ক্রিকেট

নারী বিপিএলের যাত্রা শুরু এপ্রিলে, অংশ নিচ্ছে ৩টি দল

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের নারী ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি যুগের সূচনা হতে যাচ্ছে। আগামী এপ্রিলেই প্রথমবারের মতো মাঠে গড়াবে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল।

বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছে।

বিসিবি জানিয়েছে, আগামী ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে দেশের প্রথম নারী বিপিএল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টটি নারী ক্রিকেটারদের পেশাদারিত্ব এবং মানোন্নয়নে একটি বড় মাইলফলক হয়ে থাকবে বলে আশা করছে বোর্ড।

প্রথম আসরে মোট তিনটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে। টুর্নামেন্ট শুরুর আগে একটি প্লেয়ার্স ড্রাফট বা খেলোয়াড় নিলামের আয়োজন করা হবে, যেখান থেকে দলগুলো দেশি ক্রিকেটারদের বেছে নেবে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে সরাসরি চুক্তির মাধ্যমে নিজেদের পছন্দমতো বিদেশি ক্রিকেটার স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে বলে জানিয়েছে বিসিবি।

এই আসর সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি শক্তিশালী গভর্নিং কাউন্সিল গঠন করা হয়েছে। বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট বিভাগের প্রধান রুবাবা দৌলাকে এই কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তার নেতৃত্বাধীন কমিটি টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার কাজ তদারকি করবে। এছাড়া টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি, ভেন্যু, স্পনসর এবং সম্প্রচার স্বত্বাধিকারীদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

এনএন/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language