‘শঙ্কামুক্ত ও উৎসবমুখর নির্বাচনের লক্ষ্য অর্জনে অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ’

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করার জন্য দেশের সকল শ্রেণি ও পেশার ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে আজ বুধবার দেওয়া এক বাণীতে তিনি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে এই যুগান্তকারী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে গণ্য হবে। তিনি বলেন এটি কেবল একটি নির্বাচন বা সাংবিধানিক প্রক্রিয়া নয় বরং দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা এবং গণতান্ত্রিক ধারা ও জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত একটি জাতি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও আত্মমর্যাদার ঘোষণা দিয়েছে এই নির্বাচন সেই আকাঙ্ক্ষার চূড়ান্ত ও প্রাতিষ্ঠানিক বহিঃপ্রকাশ।
প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে জানান যে গণভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থা সম্পর্কে তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করবেন। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সেই মতামত বাস্তবায়নের জন্য যোগ্য এবং জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল জনপ্রতিনিধি নির্বাচন করবেন। তিনি মনে করেন এভাবেই জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণে অংশীদার হবেন। প্রফেসর ইউনূস আরও বলেন যে এ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমাদের বিশেষভাবে স্মরণ রাখতে হবে যে দেশের বিপুলসংখ্যক তরুণ নাগরিক এবারই প্রথম তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
পাশাপাশি পূর্ণবয়স্ক অনেক নাগরিকও দীর্ঘদিন ধরে প্রকৃত অর্থে ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। তাই এই নির্বাচন যেন প্রতিটি ভোটারের কাছে একটি আনন্দময় ও বিশ্বাসযোগ্য অভিজ্ঞতা হয় তা নিশ্চিত করা সকলের নৈতিক দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন। বর্তমান সরকার এই লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি স্পষ্ট করে বলেন যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। পরিশেষে গণতন্ত্রের এই যাত্রায় রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









