রাজশাহীতে নির্বাচনের আগে নাশকতার ছক? র্যাবের অভিযানে ২৭টি তাজা বোমা উদ্ধার

রাজশাহী, ১১ ফেব্রুয়ারি – রাজশাহীতে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ ২৭টি তাজা বোমা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি রাতে মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে ১২টি পেট্রল বোমা ও ১৫টি ককটেল রয়েছে। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি অথবা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব পেট্রল বোমা ও ককটেল মজুদ করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত সকল আলামত চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে র্যাব-৫ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









