দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিলের রিট, শুনানি আজ

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিলের রিট করা হয়েছে।
আজ মঙ্গলবার হাইকোর্টে এ রিটের শুনানি অনুষ্ঠিত হতে পারে।
ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী শামীম আহমেদ বাদী হয়ে হাইকোর্টে এই রিট দায়ের করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
এর আগে গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। আবেদনে বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে।
রিটকারীর আইনজীবী জানান, নাহিদ ইসলাম ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। গুলশান ও সবুজবাগ থানা এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন এবং নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই আসনে অন্যান্য প্রার্থীর মধ্যে রয়েছেন বিএনপির এম এ কাইয়ুম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি এবং গণফোরামের মো. আবদুল কাদেরসহ আরও কয়েকজন।
এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









