বাড্ডায় ম্যাট্রেস কারখানায় অগ্নিকাণ্ড: মালিকের পোড়া মরদেহ উদ্ধার

রাজধানী, ৯ ফেব্রুয়ারি – রাজধানীর বাড্ডার সাতারকুল মুন্সিবাড়ি এলাকায় শরীফ ম্যাট্রেস নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে ধ্বংসস্তূপ সরানোর সময় কালিমুজ্জামান শরীফ কালিম নামের ওই ব্যক্তির কঙ্কালসার দেহ পাওয়া যায়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দীন জানান, রবিবার ভোর ৬টার দিকে কারখানাটিতে আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় সকাল সাড়ে ৭টার দিকে তা নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সময় শুরুতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বিকালে পুড়ে যাওয়া মালামাল সরানোর সময় একটি সম্পূর্ণ পোড়া মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত কালিমুজ্জামান বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মো. নাছির উদ্দীন শরিফ ও জিন্নাতুন নেসার ছেলে।
ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক ছিলেন এবং পরিবারসহ উত্তর বাড্ডার সাতারকুল রোডের মুন্সিবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। নিহতের স্ত্রী রিতু জানান, কারখানার তৃতীয় তলায় একটি কক্ষে কালিমুজ্জামান মাঝেমধ্যে রাতে থাকতেন। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেছেন, তবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতের চূড়ান্ত পরিচয় নিশ্চিত করা হবে।
এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









