জাতীয়

নির্বাচনের আগের দিন চলবে দূরপাল্লার বাস, ভোটের দিন যেমন থাকবে পরিস্থিতি

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। তবে ভোটের দিন বাস চলাচলে সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও পরিবহন কর্মীদের ছুটির কারণে অধিকাংশ সার্ভিস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আগামী ১১ ফেব্রুয়ারি বাস চলাচল করবে তবে ওই দিনের টিকিটের খুব বেশি চাহিদা লক্ষ্য করা যাচ্ছে না। বিপরীতে ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য যাত্রীদের প্রচুর চাপ রয়েছে।

ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বাস চলাচলের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে ওই দিন বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে বেশিরভাগ পরিবহন কর্মী ও চালক ভোট দেওয়ার জন্য ছুটি চেয়েছেন বিধায় অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতে সার্ভিস পুনরায় চালু হতে পারে বলে তিনি উল্লেখ করেন। এর আগে নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সারা দেশে যান চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩২ ধারা মোতাবেক ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language