জাতীয়

এই সরকারের আমলে হচ্ছে না ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি

চট্টগ্রাম, ৮ ফেব্রুয়ারি – বর্তমান সরকারের মেয়াদে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের ইজারা সংক্রান্ত কোনো চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি বোঝাপড়ার জন্য সময় চেয়েছে, কিন্তু সরকারের হাতে মাত্র দুটি কার্যদিবস অবশিষ্ট থাকায় এই সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করা সম্ভব নয়।

২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পের আলোচনা এখনো চলমান রয়েছে এবং এটি চূড়ান্ত হতে আরও সময়ের প্রয়োজন। অন্যদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে বন্দরের জেটি, ইয়ার্ড ও বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার ফলে অচল হয়ে পড়েছে দেশের প্রধান এই সমুদ্রবন্দর।

পরিস্থিতি সামাল দিতে বন্দর কর্তৃপক্ষ আলোচনার উদ্যোগ নিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। বন্দরের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language