বাংলাদেশ

শুধুমাত্র মৌখিক পরীক্ষায় বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি

বাংলাদেশ, ৮ ফেব্রুয়ারি – শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জন কর্মকর্তাকে নিয়োগ প্রদানের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রবিবার কমিশনের পক্ষ থেকে এই বিশেষ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় যেখানে উল্লেখ করা হয়েছে যে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে এবং তা চলবে ৮ মার্চ পর্যন্ত। এই নিয়োগ প্রক্রিয়ায় স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন ক্যাটাগরির পদের জন্য আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ৩য় গ্রেড থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত মোট ৫৩টি ভিন্ন ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট এবং সহকারী অধ্যাপক। আবেদনের যোগ্যতার ক্ষেত্রে বয়সের সময়সীমা ১ ফেব্রুয়ারি তারিখ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ ৫০ বছর, সহযোগী অধ্যাপক পদের জন্য ৪৫ বছর এবং সিনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। নিয়োগের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে যে প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না এবং কেবল মৌখিক পরীক্ষার মাধ্যমেই নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার পূর্ণমান ১০০ এবং এতে পাস করতে হলে অন্তত ৫০ নম্বর পেতে হবে। এছাড়া মৌখিক পরীক্ষার নম্বর গোপনীয় রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

এ এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language