জাতীয়

নির্বাচন ও গণভোট: মাঠে নামছেন ১০৫১ ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ রোববার থেকে মাঠে নামছেন ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আজ থেকে দায়িত্ব পালন শুরু করছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা নির্বাচনী মাঠে সক্রিয় থাকবেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানিয়েছেন যে সেনাবাহিনী আগে থেকেই মাঠে ছিল তবে রোববার থেকে তাদের উপস্থিতি আরও জোরদার করা হবে।

তিনি উল্লেখ করেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর মাঠের পরিস্থিতি সম্পূর্ণ সন্তোষজনক ও নির্বাচনের জন্য সহায়ক বলে প্রতীয়মান হয়েছে।

ইতিমধ্যে সব জেলায় ব্যালট বাক্স পাঠানো হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী গ্রহণ করে প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে পুলিশ এবং বিজিবির পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যসহ কোস্ট গার্ড মোতায়েন করা হবে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় কাজ করবে সশস্ত্র বাহিনী।

সংশ্লিষ্ট সূত্রমতে এবারের নির্বাচনে সব মিলিয়ে ৯ লাখ ৭০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপি সদস্য সংখ্যা ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন এবং সেনাবাহিনী থেকে ১ লাখ ৩ হাজার সদস্য থাকছেন।

এছাড়া পুলিশ বাহিনীর ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন সদস্য এবং র‍্যাবের ৯ হাজার ৩৪৯ জন সদস্য মাঠে থাকবেন। নির্বাচনী এলাকায় শান্তি বজায় রাখতে সশস্ত্র বাহিনী এবং অন্যান্য স্ট্রাইকিং ফোর্স মোবাইল টিম হিসেবে কাজ করবে।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language