জাতীয়

সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেবে না বিএনপি: তারেক রহমান

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেনাবাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাবেক সামরিক কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান উল্লেখ করেন, সেনাবাহিনীর হৃত গৌরব ফিরিয়ে আনা প্রয়োজন। বিএনপি ক্ষমতায় এলে এই বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না এবং সেনাবাহিনীর জন্য ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন’ পদ্ধতি চালু করা হবে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা প্রদানের মাধ্যমে সেনাবাহিনীকে গর্বিত করেছেন। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের সুযোগ পেলে সেনাবাহিনীর সকল যৌক্তিক দাবি-দাওয়া পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সামরিক বাহিনীর রাজনৈতিক সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সেনাবাহিনী রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতির আবরণে যাতে আচ্ছাদিত না হয়, সে বিষয়ে সকল সদস্যকে সতর্ক থাকতে হবে।

এছাড়া ২০০৯ সালে পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডকে তিনি ‘পরিকল্পিত’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে ওই দিনটিকে ‘জাতীয় শোক দিবস’ বা ‘সেনা দিবস’ হিসেবে পালনের পরিকল্পনা রয়েছে এবং বাহিনীটির পুরনো নাম ‘বিডিআর’ পুনর্বহাল করা হবে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদের কবলে পড়ে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল, তবে বিএনপি সর্বদা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার শক্তি হিসেবে কাজ করে যাবে।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language