চট্টগ্রাম বিভাগ

পটিয়ায় ১৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২, বাজারমূল্য প্রায় ৫৮ লাখ টাকা

পটিয়া, ৭ ফেব্রুয়ারি – চট্টগ্রামের পটিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গত শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা চৌমুহনী এলাকায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার মো. আমিরের ছেলে আনোয়ার হোসেন (২০) এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মৃত আশরাফ মিয়ার ছেলে শরীয়ত উল্লাহ (২০)। র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, একটি যাত্রীবাহী বাসে করে ইয়াবার বড় চালান কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে র‍্যাবের একটি দল। একপর্যায়ে সন্দেহভাজন ওই দুই যুবকের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৫২ হাজার টাকা। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) যুযুৎস যশ চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব শুক্রবার রাতে আসামিদের থানায় সোপর্দ করে এবং শনিবার তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language