চট্টগ্রামে বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক

চট্টগ্রাম, ৯ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সফর করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম-৬ এবং চট্টগ্রাম-২ আসনের দায়িত্বপূর্ণ এলাকায় স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন।
বিজিবি মহাপরিচালক চট্টগ্রাম-৬ আসনের অন্তর্গত রাউজান সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম-২ আসনের ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত নির্বাচনী বেইজ ক্যাম্পগুলো সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বিজিবি প্রধান চট্টগ্রামের স্থানীয় সেনাবাহিনী, পুলিশ ও বেসামরিক প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় তিনি উল্লেখ করেন যে বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









