চট্টগ্রাম বিভাগ

রবিবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট

চট্টগ্রাম, ৭ ফেব্রুয়ারি – চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দফা দাবিতে আবারও অচল হতে যাচ্ছে দেশের প্রধান এই সমুদ্রবন্দর।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বা স্কপ আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও মো. ইব্রাহিম খোকন। সংবাদ সম্মেলনে জানানো হয় যে এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে এবং বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানকে অপসারণ করে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে হবে।

এছাড়া আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার ও কোনো ধরনের আইনি হয়রানি না করার দাবি জানানো হয়। গত ৫ ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও শ্রমিক নেতাদের অভিযোগ যে আলোচনার কয়েক ঘণ্টার মধ্যেই বন্দর চেয়ারম্যান আন্দোলনকারী ১৫ জন নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের জন্য দুদককে চিঠি দিয়েছেন। রবিবার থেকে শুরু হতে যাওয়া এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে চট্টগ্রাম বন্দরে আমদানীকৃত খাদ্যশস্য এবং শিল্প কারখানার কাঁচামালসহ রপ্তানিজাত পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন টানা ধর্মঘট চললে জেটিতে জাহাজের জট এবং ইয়ার্ডে কনটেইনার জট ভয়াবহ আকার ধারণ করবে যার ফলে সরকার প্রতিদিন শত কোটি টাকার রাজস্ব হারাবে। রমজান মাস সামনে রেখে নিত্যপণ্যের বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language