ভারতের পণ্যে আর ২৫ শতাংশ শুল্ক নেই, আদেশে সই করলেন ট্রাম্প

ওয়াশিংটন, ৭ ফেব্রুয়ারি – ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য ও কৌশলগত টানাপোড়েন সমাধানের পথে এসেছে। ভারতের পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
ট্রাম্পের সই করা ওই আদেশে বলা হয়েছে, এই চুক্তির আওতায় ভারত সরাসরি বা পরোক্ষভাবে কোনোভাবেই রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে না।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি বড় ধরনের বাণিজ্য চুক্তি সফল হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূলত, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অংশ হিসেবে নয়াদিল্লিকে এই শর্ত দেওয়া হয়েছে। এর পরিবর্তে ভারত যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য কেনার অঙ্গীকার করেছে।
নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ১০ বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে উভয় দেশ একটি বিশেষ কাঠামোর মধ্যে কাজ করতে সম্মত হয়েছে। ট্রাম্পের মতে, ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জাতীয় জরুরি পরিস্থিতি মোকাবিলায় ভারত এখন একটি সামঞ্জস্যপূর্ণ ভূমিকা পালন করছে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জ্বালানি বা রুশ তেল আমদানির বিষয়ে কোনো সুনির্দিষ্ট মন্তব্য করেননি।
উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার পর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও জ্বালানি ইস্যুতে যে টানাপোড়েন চলছিল, শুল্ক প্রত্যাহারের এই সিদ্ধান্ত তার মধ্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









