রাজধানীর বাজারে সবজির দাম চড়া, বেড়েছে মুরগির দরও

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে প্রায় প্রতিটি সবজির দাম।
সবজির পাশাপাশি সোনালি কক মুরগির দামেও বাড়তি উত্তাপ লক্ষ্য করা গেছে। তবে স্বস্তির খবর হলো, পেঁয়াজ আগের দামেই স্থিতিশীল রয়েছে এবং আলুর দাম কেজিতে প্রায় ১০ টাকা কমেছে। শুক্রবার রাজধানীর তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে বাজার দরের এমন চিত্র দেখা গেছে। গত সপ্তাহের তুলনায় শীতকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বাজারে শিম প্রতি কেজি প্রকারভেদে ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা, দেশি গাজর ৪০ থেকে ৫০ টাকা, মূলা ৪০ থেকে ৫০ টাকা এবং শালগম ৭০ টাকা দরে।
এছাড়া বড় সাইজের ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা এবং লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গ্রীষ্মকালীন সবজির মধ্যে বরবটি ১৬০ টাকা, বেগুন মানভেদে ৬০ থেকে ১০০ টাকা, কচুর লতি ১০০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা এবং ঢেঁড়স ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম ১০০ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে। পেঁপে ও মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা এবং খিরাই ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শাকের বাজারে লাল শাকের আঁটি ১০ টাকা, লাউ শাক ৪০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং পালং শাক ২ আঁটি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
লেবুর হালি ১০ থেকে ৩০ টাকা এবং কাঁচা কলা হালি ৪০ টাকায় মিলছে। নতুন আলু কেজিতে ৫ টাকা কমে ২৫ টাকায় এবং পুরোনো আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পুরোনো পেঁয়াজ ১৩০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা এবং নতুন পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির বাজারে সোনালি কক মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ৩১০ টাকা এবং সোনালি হাইব্রিড ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজিতে ৫ টাকা বেড়ে ১৮৫ টাকা, লেয়ার মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে ৩০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছ আকারভেদে ৪০০ থেকে ৫৫০ টাকা, চাষের পাঙ্গাস ১৭০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস ৭৫০ থেকে ৭৬০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬









