অতিরিক্ত পর্যটকের চাপে জাপানের ফুজিয়োশিদাতে বাতিল হলো চেরি ব্লসম উৎসব

জাপান, ৫ ফেব্রুয়ারি – পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জাপানের মাউন্ট ফুজির কাছের শহর ফুজিয়োশিদাতে এ বছরের চেরি ব্লসম উৎসব বাতিল করা হয়েছে। ফুজিয়োশিদা শহরের মেয়র শিগেরু হোরিউচি জানিয়েছেন যে পর্যটকদের ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ায় এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় ১০ বছর ধরে চলা এই উৎসব বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বসন্তকালে চেরি ফুল ও মাউন্ট ফুজির মনোরম দৃশ্য উপভোগ করতে প্রতি বছর এখানে পর্যটকদের ঢল নামে। তবে এর ফলে তীব্র যানজট ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী পর্যটকরা অনুমতি ছাড়াই ব্যক্তিগত বাগানে প্রবেশ করছেন এবং যত্রতত্র মলত্যাগ করছেন যা পরিবেশ নষ্ট করছে। মেয়র বলেন নাগরিকদের মর্যাদা ও শান্ত জীবনযাপন নিশ্চিত করতেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। ২০১৬ সালে আরাকুরায়ামা সেনগেন পার্ক পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয় এবং বর্তমানে পর্যটন মৌসুমে প্রতিদিন প্রায় ১০ হাজার দর্শনার্থী এখানে ভিড় করেন।
ইয়েনের মান কমে যাওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ফলে পর্যটকের সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। পর্যটকরা স্থানীয়দের ব্যক্তিগত শৌচাগার ব্যবহারের চেষ্টা করেন এবং বাধা দিলে অশোভন আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। এর আগে জাপানের ফুজিকাওয়াগুচিকো শহরেও পর্যটকদের ছবি তোলা ঠেকাতে ব্যারিকেড দেওয়া হয়েছিল। এছাড়া অতিরিক্ত পর্যটনের চাপ সামাল দিতে ইতালি ও ভেনিসেও পর্যটক নিয়ন্ত্রণে প্রবেশ ফি চালু করা হয়েছে।
এ এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬









