জাতীয়

চট্টগ্রাম বন্দর অচল: উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ, জরুরি বৈঠক

চট্টগ্রাম বন্দর, ৫ ফেব্রুয়ারি – শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম। বৃহস্পতিবার নৌপরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বন্দরে পৌঁছালে ৪ নম্বর গেটে তার গাড়িবহর আটকে বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ শ্রমিকরা।

উদ্ভূত পরিস্থিতি নিরসনে বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে জরুরি বৈঠকে বসছে কর্তৃপক্ষ। বৈঠকে নৌপরিবহণ উপদেষ্টাসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে আন্দোলন চলছে। শুরুতে দৈনিক আট ঘণ্টা কর্মবিরতি পালন করা হলেও এখন তা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রূপ নিয়েছে।

এর ফলে বন্দর জেটিতে কনটেইনার ও মালামাল হ্যান্ডলিং, ইয়ার্ড থেকে সরবরাহ এবং জাহাজ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীরা বন্দরের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নিয়ে ট্রাফিক, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল বিভাগের কর্মকর্তাদের প্রবেশে বাধা সৃষ্টি করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, এনএসআই, বিজিবি, কোস্টগার্ড ও নেভি ইন্টেলিজেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জরুরি বৈঠকে ডাকা হয়েছে।

এস এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language