জাতীয়

১২ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগ

ঢাকা, ১১ জুলাই – সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ১২ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের আর্থিক চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার মনে করছে মূল্যস্ফীতির কারণে অনেক কর্মচারী বর্তমানে ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত যা তাদের দাপ্তরিক দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব ফেলছে। রেশন সুবিধা চালু হলে এই চাপ কমবে এবং কর্মীদের কাজের মনোযোগ বৃদ্ধি পাবে। এই রেশন সুবিধা চালুর প্রস্তাবে অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি মিলেছে।

গত জুন মাসে কার্যকর পদক্ষেপ নিতে অর্থ বিভাগের সচিবকে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রতি তিন মাস অন্তর কাজের অগ্রগতি উপস্থাপনের জন্য বৈঠকের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগকে অগ্রগতি জানাতে হবে।

পিরোজপুরের জেলা প্রশাসক গত ৩ মে অনুষ্ঠিত ডিসি সম্মেলনে প্রথম এই প্রস্তাবটি উত্থাপন করেন। বর্তমানে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ ১০টি বিশেষায়িত সংস্থার সদস্যরা রেশন সুবিধা পান।

নতুন এই উদ্যোগ বাস্তবায়ন হলে অফিস সহকারী, ক্যাশিয়ার, নিরাপত্তা পরিদর্শক থেকে শুরু করে পিয়ন ও পরিচ্ছন্নতাকর্মীদের জীবনযাত্রা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছেন। তবে তারা রেশন বিতরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেছেন।

এস এম/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language